Image description

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসচ্ছল পরিবারের মুখে হাসি ফোটাতে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছে পাবনার বেড়া উপজেলার সামাজিক সংগঠন ‘শিক্ষার্থী সহযোগিতা সংগঠন’।

বুধবার (২৭ মে) বিকেলে পাবনার বেড়া উপজেলার বেড়া পৌর এলাকার স্যানালপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত ‘২ টাকার আমেজ’ কর্মসূচির মাধ্যমে প্রায় ৫৫০টি পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়।

 

 

বিনা মূল্যে সাহায্য না দিয়ে মাত্র দুই টাকার প্রতীকী মূল্যের বিনিময়ে এই ঈদসামগ্রী বিতরণের মূল উদ্দেশ্য ছিল মধ্যবিত্ত ও অসচ্ছল পরিবারের আত্মসম্মান বজায় রাখা।

দুই টাকার এই অনন্য বাজার থেকে প্রতিটি পরিবার অত্যন্ত আনন্দের সঙ্গে সংগ্রহ করেছেন পোলাও চাউল, ডাল, চিনি, লাচ্ছা সেমাই, আলু ও পেঁয়াজ। 

এই ‘২ টাকার আমেজ’ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহ। 

এ সময় তিনি বলেন, সমাজে প্রত্যেকে আমরা একই মানুষ।

আপনারা ভালো থাকেন এটাই আমাদের মূল উদ্দেশ্য।  দল-মত-ধর্ম ও বর্ণ কোনো কিছু না। আপনারা সমাজেরই অংশ। 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণদের এই উদ্যোগকে উৎসাহিত করেন বেড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান ফকির ও সংগঠনের উপদেষ্টা মইনুদ্দিন খাজা।

‘শিক্ষার্থী সহযোগিতা সংগঠন’-এর উপদেষ্টা ওমর আলী সরকারের সঞ্চালনায় কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বেড়া পৌর তাঁতীদলের সভাপতি শহিদুল ইসলাম ও সংগঠনটির প্রতিষ্ঠাতা মেহেরাব হোসেন জিম।