Image description

পবিত্র ঈদুল আজহা ঘিরে চারদিকে উৎসবের আমেজ থাকলেও সাবেক ফুটবলার কায়সার হামিদের পরিবারে নেই সেই আনন্দ। প্রয়াত মেয়ে কারিনা কায়সারকে ছাড়া এবার প্রথম ঈদ কাটাতে হচ্ছে তাকে।

আর সেই শূন্যতার কথাই আবেগঘন পোস্টে তুলে ধরেছেন তিনি।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েকে স্মরণ করে কায়সার হামিদ লিখেছেন, ‘কোরবানি ঈদের সময় কারিনা আমার সঙ্গে হাটে যেত। গরু-ছাগল কিনতে খুব পছন্দ করত। কিন্তু গরুর কাছাকাছি যেতে ভয় পেত ভীষণ।

গাড়ির ভেতর থেকেই হাট দেখত, কেনাবেচা উপভোগ করত।’

 

মেয়ের অনুপস্থিতিতে এবার ঈদের প্রস্তুতিতেও মন বসছে না বলে জানান তিনি। 

পোস্টে আরো লেখেন, ‘এবার আমি হাটে যাওয়ার তাগিদটাই পাচ্ছিলাম না। কিন্তু যেতে হবে, তাই যাওয়া।

কারিনার সঙ্গে গাড়িতে ঘোরাঘুরির স্মৃতি খুব মনে পড়ছে।’

 

মেয়ের আত্মার শান্তি কামনা করে কায়সার হামিদ লেখেন, ‘এখন তো তুমি সব ভয়ভীতির ঊর্ধ্বে। আমরা কেউ তোমাকে ছাড়া ভালো নেই। আল্লাহ তোমাকে শান্তিতে রাখুক, খুব ভালো রাখুক—এই শুভকামনা করছি, আমিন।’

উল্লেখ্য, গত ১৫ মে মারা যান কারিনা কায়সার।

এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েকে নিয়ে একের পর এক আবেগঘন স্মৃতিচারণা করছেন কায়সার হামিদ।

 

কয়েক দিন আগে ঈদকে ঘিরেও একটি পোস্ট করেছিলেন তিনি। সেখানে লিখেছিলেন, ‘ঈদ এল আনন্দের বার্তা নিয়ে। কিন্তু এই ঈদ আমার কাছে নিরানন্দ আর বিষাদময়। কারিনাকে ছাড়া এই প্রথম ঈদ উৎসব। মেয়েটা আমাদের আনন্দে রাখতে ভালোবাসত, অথচ সে আজ আমাদের মাঝে নেই।’

পরিবারের সদস্যরা এখনো কারিনার মৃত্যুশোক কাটিয়ে উঠতে পারেননি। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই যেন আরো গভীর হয়ে উঠছে তার অনুপস্থিতির বেদনা।