Image description

অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরুটির শখ করে নাম রাখেন ‘কালো পাহাড়’। চট্টগ্রামের মিরসরাইয়ের বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন গরুটি লালনপালন করতেন। পাঁচ বছর বয়সি গরুটি তিনি উপহার দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমানকে।

 

বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য। তার রয়েছে ‘হাজি অ্যাগ্রো’ নামের একটি খামার। এই খামারে অন্তত ৪০টি দেশি-বিদেশি জাতের গরু রয়েছে।

 

খামার কর্মচারীরা জানান, ‘কালো পাহাড়’ নামের গরুটির ওজন প্রায় ৮০০ কেজি। গরুটি দেখতে দূর-দূরান্ত থেকে প্রতিদিন খামারে ভিড় করেন দর্শনার্থীরা। বিভিন্ন ধরনের কাঁচা ঘাস, শুকনো ঘাস, খৈল, ভুট্টা, ভুসি, ডাল, আলু ও চালের কুড়ো খাইয়ে মোটাতাজা করা হয়েছে গরুটি। ২০২৪ সালে উপজেলা প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রদর্শনী আয়োজিত মেলায় প্রথম স্থান অধিকার করে গরুটি।

 

সরেজমিন দেখা যায় ‘কালো পাহাড়’ নামের গরুটি পরিচর্যা করছেন বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন। তিনি জানান, শখের বসে একটি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরু কেনেন। পাঁচ বছর ধরে তিনি পালন করছেন। পাশাপাশি আরও কিছু গরু যোগ করে একটি খামার গড়ে তোলেন। এবার তিনি গরুটি চট্টগ্রাম-১ মিরসরাই আসন থেকে নির্বাচন এমপি নুরুল আমিনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দিতে চান।

 

জয়নাল আবেদীন বলেন, মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও আমি সরকারি কোনো সুযোগ-সুবিধা গ্রহণ করিনি। শখের বসে গরুটি নিজ হাতে লালনপালন করেছি। বিএনপির তৃণমূলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গরুটি পৌঁছে দিতে চাই।