টানা ভারী বর্ষণে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীর একটি বহুতল ভবনের বাসিন্দারা। ভবনের নিচতলায় পানি জমে যাওয়ায় তৈরি হয়েছে এক অবাস্তব পরিস্থিতি। ঘরের ভেতর থেকে বাইরে বের হওয়া কিংবা ভেতরে ঢোকার কোনো উপায় না থাকায়, বাসিন্দারা এখন ‘মই’ ব্যবহার করে পারাপার হচ্ছেন।
সোমবার (২৫ মে) রাজধানীর সিদ্ধেশ্বরীতে একটি ভবনে এই চিত্র দেখতে পাওয়া যায়।
সরেজমিনে দেখা যায়, ভবনের প্রধান ফটক থেকে শুরু করে নিচতলার লবি এবং নিচতলার ফ্ল্যাটগুলোর ভেতরে প্রায় হাঁটু সমান পানি। ড্রেনেজ ব্যবস্থা ও নোংরা পানি একাকার হয়ে যাওয়ায় তৈরি হয়েছে চরম দুর্গন্ধ। ভবনটির ওপরের তলার বাসিন্দারা জরুরি প্রয়োজনে বাইরে বের হতে পারছেন না। এই সংকট কাটাতে ভবনের বাসিন্দারা লোহার মই দিয়ে পারাপার হচ্ছেন। প্রয়োজনীয় কাজ শেষে আবার মই বেয়েই ভবনে ফিরছেন।
ভবনটি যেন বেশি তলিয়ে না যায় সেদিকে লক্ষ্য করে পানি রোধে বস্তা দিয়ে বাঁধ দিতেও দেখা যায়।
এক ভুক্তভোগী বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা লাখ লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনে এখন মই দিয়ে যাতায়াত করছি। ড্রেন পরিষ্কার না করায় প্রতি বছরই এই এলাকায় পানি জমে, কিন্তু ভবনের ভেতরে এভাবে পানি ঢুকে মই দিয়ে চলাচলের নজির আর নেই।
সিদ্ধেশ্বরী এলাকার বাসিন্দা ইয়াসিন অভিযোগ করে বলেন, প্রধান সড়কের তুলনায় ভবনের সামনের রাস্তা নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই এখানে জলাবদ্ধতা তৈরি হয়। তার ওপর এলাকার ড্রেনেজ লাইনগুলো আবর্জনায় বন্ধ হয়ে থাকায় বৃষ্টির পানি নামতে পারছে না। উল্টো ড্রেনের ময়লা পানি ভবনের ভেতরে ঢুকে পড়েছে।