পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই অনুপ্রবেশকারী সন্দেহে ১২ ‘বাংলাদেশি’কে হোল্ডিং সেন্টারে আটক রাখা হয়েছে। মুর্শিদাবাদ ও মালদহ এলাকায় চালুকৃত হোল্ডিং সেন্টারগুলোতে তাদের রাখা হয়েছে।
সোমবার (২৫ মে ) মালদহের ইংরেজবাজার হোল্ডিং সেন্টারে আপাতত রাখা হয়েছে ৯ বাংলাদেশিকে। আটকদের গাজোল এলাকা থেকে চিহ্নিত করা হয়েছে। সন্দেহভাজন ৯ ‘বাংলাদেশি’র মধ্যে ৩ মহিলা ও ৬ শিশু রয়েছে।
এর আগে সোমবার সকালে মুর্শিদাবাদে সন্দেহভাজন তিন বাংলাদেশিকে আটকের খবর পাওয়া।
তবে বিস্তারিত পরিচয় বা অন্য কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। মালদহের হোল্ডিং সেন্টারে নয়জনের থাকার খবরে এখনো পর্যন্ত মোট ১২ জন সন্দেহভাজন ‘বাংলাদেশি’কে আটক করা হলো।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে চিহ্নিত হয়েছেন। ধীরে ধীরে তাদের ডিপোর্ট করার ব্যবস্থা করা হবে।
অনুপ্রবেশকারী, বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে আটক ব্যক্তিদের রাখার জন্য প্রতিটি জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ইতিমধ্যে সব জেলায় এ সংক্রান্ত একটি বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে স্বরাষ্ট্র ও পার্বত্যবিষয়ক মন্ত্রণালয়।
মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী ক্ষমতা গ্রহণের পরেই রাজ্যের প্রতিটি জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ জারি হলো।