সীমান্তের বাতাসে এখন সতর্কতার সুর। মাইকে ভেসে আসছে বার্তা— অবৈধভাবে সীমান্ত অতিক্রম করবেন না, কোনো সন্দেহজনক ব্যক্তি দেখলে বিজিবিকে জানান। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী জনপদগুলোতে এমন সচেতনতামূলক মাইকিং শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ভারত থেকে অবৈধ পুশইন ও সীমান্ত অতিক্রমের আশঙ্কার প্রেক্ষাপটে রোববার (২৪ মে) থেকে জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এই কার্যক্রম চালু করেছে বিজিবি ৬০ ব্যাটালিয়ন। একই সঙ্গে সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি।
বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মাইকিংয়ের মাধ্যমে স্থানীয়দের অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, মাদক ও চোরাচালান বিষয়ে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি কোনো অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক গতিবিধি দেখলে দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানানো হচ্ছে।
৬০ ব্যাটালিয়নের বিজিবি কর্মকর্তা এস এম শরিফুল ইসলাম বলেন, ৬০ ব্যাটালিয়নের আওতাধীন প্রতিটি সীমান্ত ফাঁড়ি থেকে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। সীমান্ত সুরক্ষায় স্থানীয়দের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, অবৈধ পুশইন প্রতিরোধের পাশাপাশি মানবপাচার, মাদক ও পণ্য চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলার সঙ্গে ভারতের প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। অতীতেও কয়েকবার এসব সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইনের চেষ্টা চালানোর অভিযোগ ওঠে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। সেই প্রেক্ষাপটে সীমান্ত এলাকায় নতুন করে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।