Image description

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক সোয়া কোটি টাকা মূল্যের পাঁচটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৪ মে) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এই অভিযান পরিচালনা করে। এ সময় চোরাচালাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। আটক ব্যক্তির নাম মো. বাপ্পি (২৭)। তিনি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার পুরাতন বাজার এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে।

 

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৬ বিজিবির একটি টহল দল দামুড়হুদা উপজেলার ডুগডুগি কলোনিপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় এক ব্যক্তি মোটরসাইকেলযোগে ওই এলাকা অতিক্রম করার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন। বিজিবির সংকেত অমান্য করে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল ধাওয়া করে তাকে আটক করে।

পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে আটক বাপ্পির দেহ তল্লাশি করে আনুমানিক ৬০০ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকা। এছাড়া জব্দকৃত মোটরসাইকেলটির মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে, স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-র পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে। আটক আসামিসহ জব্দকৃত মোটরসাইকেলটি দামুড়হুদা থানায় হস্তান্তর করে একটি মামলা দায়ের করা হয়েছে।