Image description

পৃথিবীতে ভাইবোনের সম্পর্কের চেয়ে মধুর সম্পর্ক খুব বেশি নেই। ভাইবোনের সম্পর্কে থাকে মায়া, ভালোবাসা, দায়িত্ব ও কর্তব্য। থাকে মা-বাবার ছায়া। এ সম্পর্ক মজবুত রাখা, পরস্পরের সঙ্গে সদাচরণ করা ইমানি দায়িত্ব।

 

কেউ কেউ ধারণা করে বলেন, ‘মৃত্যুর পর ভাই-বোনের আর দেখা হবে না।’ বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এ রকম একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনার জন্ম দেয়। অনেকের মনে তখন প্রশ্ন জাগে, সত্যিই কি মৃত্যুর পর ভাইবোনের দেখা হবে না?

 

‘মৃত্যুর পর ভাই-বোনের আর দেখা হবে না’ এ কথা সঠিক নয়। ইসলামে এর ভিত্তি নেই। কোরআন-হাদিসে এ কথার সত্যতা নেই। মৃত্যুর পর ভাই-বোন, স্বামী-স্ত্রী, মা-বাবা একে অপরের দেখা হবে। তারা জান্নাতে দেখা-সাক্ষাৎ করবে। নানা ধরনের খোশ-গল্প করবে।

 

কোরআনে আছে, ‘যখন মহা শব্দকারী (বিকট আওয়াজ) আসবে, যেদিন মানুষ পলায়ন করবে তার ভাইয়ের কাছ থেকে, তার মা ও বাবার কাছ থেকে এবং তার স্ত্রী ও সন্তানদের কাছ থেকে। সেদিন তাদের প্রত্যেকের এমন এক গুরুতর অবস্থা থাকবে—যা তাকে অন্য সবকিছু থেকে উদাসীন করে দেবে।’ (সুরা আবাসা, আয়াত : ৩৩-৩৭)

 

এই আয়াতে কেয়ামতের দিনের ভয়াবহতার বর্ণনা করা হয়েছে। সেই ভয়ংকর দিনে মানুষ এতটাই ভীতসন্ত্রস্ত থাকবে যে, তারা তাদের প্রিয়জন, যেমন—ভাই-বোন, মা-বাবা, স্বামী-স্ত্রী এবং সন্তানদের থেকে দূরে পালাবে। সবাই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। অন্য কারও দিকে তাকানো বা সাহায্য করার সুযোগ পাবে না।

 

এই আয়াত দিয়ে এটাও প্রমাণিত হয়, মৃত্যুর পর ভাই-বোন, মা-বাবা, স্বামী-স্ত্রী প্রত্যেকেরই একে অপরের সঙ্গে দেখা হবে। সবাই সবাইকে চিনতে পারবে। কিন্তু ভয় ও আতঙ্কের কারণে কেউ কারও দিকে ফিরেও তাকাবে না। সাহয্যও করবে না।

 

আল্লাহ জান্নাতে মুমিনদেরকে তাদের আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে একত্রিত করবেন। কোরআনে আছে, ‘স্থায়ী জান্নাত, যাতে তারা প্রবেশ করবে এবং বাবা-মা, স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্মশীল, তারাও তাদের সঙ্গে প্রবেশ করবে।’ (সুরা রদ, আয়াত : ২৩)

 

এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির (রহ.) বলেন, ‘আল্লাহ জান্নাতে মুমিনদেরকে তাদের প্রিয়জনদের বা বাবা-মা, স্ত্রী এবং সন্তানদের মধ্যে যারা জান্নাতে প্রবেশের যোগ্য, তাদের সঙ্গে একত্রিত করবে, যাতে তাদের চোখ জুড়িয়ে যায়।’

 

জালাল উদ্দিন সুয়ুতি (রহ.) বলেন, ‘আল্লাহ জানতেন যে, মুমিন ব্যক্তি দুনিয়াতে তার পরিবার-পরিজনকে একত্রিত করতে ভালোবাসে। তাই তিনি আখেরাতেও তাদের একত্রিত করতে পছন্দ করেন।’

 

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘(আখেরাতে) মানুষ থাকবে তার প্রিয়জনের সঙ্গে।’ (সহিহ বুখারি)। দুনিয়াতে মানুষের প্রিয়জন বলতে যাদের ধরা হয়, এর মধ্যে ভাই-বোন অন্যতম। তাই আখেরাতে ভাই-বোনের দেখা হবে।