চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ধর্ষণের বিচারে কঠোর অবস্থান নিয়ে বলেছেন, ধর্ষকদের সাতদিনের মধ্যে বিচার শেষ করে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। একইসঙ্গে পোশাকশ্রমিকদের শিশু সন্তানদের রক্ষায় সব গার্মেন্টসে ডে-কেয়ার সেন্টার স্থাপনের আহ্বান জানিয়েছেন।
শনিবার (২৩ মে) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন চার শিশুকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মেয়র বলেন, যেসব পাষণ্ড এই ছোট্ট মাসুম বাচ্চাদের ধর্ষণ করছে বা ধর্ষণের চেষ্টা করছে, তাদের ফাঁসির কাষ্ঠে ঝোলাতে হবে। প্রকাশ্যে ঝুলাতে হবে, যাতে এ ধরনের সাহস আর কেউ না করে। এসব মামলার আসামিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। সাতদিনের মধ্যে তাদের বিচার শেষ করে শাস্তি দেওয়া উচিত বলে আমি মনে করি।
নগরীর বাকলিয়ার সাড়ে তিন বছরের এক শিশু, খুলশীর ১১ ও ৬ বছর বয়সী দুই বোন এবং চান্দগাঁওয়ের ৪ বছরের এক শিশু বর্তমানে চমেক হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছেন। মেয়র ওসিসির ডাক্তারদের বরাতে জানান, গত ৮ বছরে ৪২২ জন শিশু ওসিসিতে এসেছে, যাদের বয়স ১২ বছরের নিচে।
তাদের সবার মা গার্মেন্টসে চাকরি করেন জানিয়ে মেয়র বলেন, তিন মায়েরই কাজের ধরন এক। বাবা রিকশা চালায়। বাড়িতে দেখার মতো কেউ নেই। একজন আমাকে জানালেন, সকাল ৯টার দিকে সন্তানকে মাদ্রাসায় দিয়ে আসেন। রাতে গার্মেন্টস থেকে ফেরার সময় নিয়ে আসেন। এর মধ্যে বাচ্চাটা মাদ্রাসায় থাকে।
গার্মেন্টস মালিকদের প্রতি ডে-কেয়ার সেন্টার বানানোর অনুরোধ জানিয়ে শাহাদাত হোসেন বলেন, গার্মেন্টস সেক্টর থেকে আমরা সবচেয়ে বেশি রেমিট্যান্স পাই। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এই খাতের ওপর নির্ভর করছে। যারা এত কষ্ট করে কাজ করছে, তাদের বাচ্চারা যদি নিরাপদ না থাকে, সেটা অত্যন্ত কষ্টদায়ক। গার্মেন্টস মালিকদের জন্য একটা করে ডে-কেয়ার করা বড় কোনো ব্যাপার না।
এত টাকা তারা ব্যবসায় বিনিয়োগ করছে, সেখানে সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একটা ডে-কেয়ার সেন্টার করা তাদের জন্য কোনো বিষয় না। আমি গার্মেন্টসের মালিক হয়ে শুধু টাকার পর টাকা বানাবো আর আমার কারখানার কর্মীদের সন্তানেরা বিশ্রি পরিবেশে বড় হয়ে উঠবে, এটা হতে পারে না, যোগ করেন চসিক মেয়র।
চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে দ্রুত একটি ডে-কেয়ার সেন্টার করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
অভিভাবকদের সতর্ক হওয়ার তাগিদ দিয়ে মেয়র বলেন, কিছু মা ছোট বাচ্চাদের দোকানে পাঠান। সেখানে খারাপ লোকজন বাচ্চাদের প্রলোভন দেখিয়ে নিপীড়ন করে। তাই অভিভাবকদের সতর্ক হতে হবে।
এ সময় চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন ও চসিকের উর্ধ্বতন কর্মকর্তারা মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন।