যশোর সদর উপজেলার রূপদিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় ইজিবাইক আরোহী মা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে চাউলিয়া ফিলিং স্টেশনের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-রূপদিয়ার সাহাপাড়া গ্রামের সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৫), তার পাঁচ বছর বয়সী ছেলে সৌভিক সাহা, ভ্যানচালক আনোয়ার হোসেন (৬০) ও আইয়ুব হোসেন (৪৩)। আহত হয়েছেন মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে সাজ্জাদ হোসেন (২৮)। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত সৌভিক সাহার চাচা মিঠুন সাহা জানান, ‘শনিবার সকালে বৃষ্টি তার ছেলেকে নিয়ে স্কুল থেকে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন। এ সময় খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ডভ্যান চাউলিয়া তেল পাম্প এলাকায় সামনে থাকা ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অপর একটি যানবাহনের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই বৃষ্টি ও আইয়ুব নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্যদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শাকিরুল ইসলাম ভ্যানচালক আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। পরে আহত সৌভিক ও সাজ্জাদকে হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৌভিকের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।