Image description

চট্টগ্রামের বাকুলিয়ায় একটি শিশু ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতভর সহিংসতার ঘটনায় কোনো সুযোগ সন্ধানী গ্রুপ জড়িত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষণের শিকার শিশু ও সহিংসতায় আহত সাংবাদিকদের দেখতে এসে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, যে কোনো ঘটনা ঘটার পর সঙ্ঘবদ্ধ হয়ে প্রতিবাদ করার চেয়ে ওই ঘটনা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তা না হলে ক্ষতির পরিমাণ আরো বেশি হবে। বৃহস্পতিবার রাতের পরিস্থিতি প্রশাসন ধৈর্যের সঙ্গে মোকাবিলা করেছে। এখানে যেসব সাংবাদিক আহত হয়েছেন, পথচারী আহত হয়েছে। তারা এই ঘটনার সঙ্গে জড়িত না হয়েও ক্ষতিগ্রস্থ হয়েছে। পুলিশের যে গাড়িটি জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেটা রাষ্ট্রীয় সম্পদ। যে কটি যানবাহন ভাঙচুর করা হয়েছে, সেগুলো সাধারণ মানুষের সম্পদ ছিল। তাই আমাদের প্রতিবাদের ভাষা আরো সহনীয় হওয়া উচিত।

যে কোনো ইস্যুতে মানুষের ক্ষোভকে কাজে লাগিয়ে একটি পক্ষ ফায়দা লোটার চেষ্টা করে। এই ক্ষেত্রেও তেমনটি হওয়ার আশঙ্কা আছে। নইলে বিকেলের ঘটনা গভীর রাত পর্যন্ত গড়াত না। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে যদি। যদি এমন কোনো সুযোগ সন্ধানী গ্রুপ জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি সাম্প্রতি সময়ে এমন ঘটনাগুলো শুরুতেই কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সেই বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি।

এ সময় জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্যাতিত শিশু ও সহিংসতায় আহত সাংবাদিকদের চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।