বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মিন্টু শেখ ওরফে মিঠু (৪৫) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা তার ডান হাত কেটে নিয়ে যায়। সোমবার (১৮ মে) রাতে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিন্টু শেখ মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামের ওহেদ শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বাড়ির পাশে কলাক্ষেতে কাজ করে বাড়ি ফিরছিলেন মিঠু। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহতের ভাই মিজান শেখ জানান, তারা মিঠু শেখের ডান হাত কেটে নিয়ে গেছে।
মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ জানান, মিঠু হোগলাপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য ছিল। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, মিঠু শেখের হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।