রাশিয়ার রাজধানী মস্কোসহ একাধিক অঞ্চলের বছরের সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় পাঁচ শতাধিক ড্রোন ব্যবহার করেছে তারা। রুশ কর্মকর্তারা বলছেন, এক বছরের বেশি সময়ের মধ্যে গত রাতে ভয়াবহ আক্রমণ চালিয়েছে কিয়েভ। তাদের অন্তত সাড়ে ৫০০টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
রোববার (১৭ মে) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন গত রাতে বছরের সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালিয়ে অন্তত চার রুশ নাগরিককে হত্যা করেছে। রাজধানী মস্কোসহ একাধিক অঞ্চলে এই হামলা হয়। এতে আরও কয়েকজন আহত হয়েছেন এবং বিভিন্ন অঞ্চলের আবাসিক ভবন ও অবকাঠামোগত স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, রাতভর চালানো হামলায় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এক ডজনেরও বেশি অঞ্চলজুড়ে ৫৫৬টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে।
এদিকে মস্কো ও পশ্চিম রাশিয়াজুড়ে বিস্ফোরণ ও জরুরি তৎপরতার খবর পাওয়া গেছে।
আঞ্চলিক কর্তৃপক্ষের মতে, এই হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন মস্কো অঞ্চলে ও একজন ইউক্রেন সীমান্তের নিকটবর্তী বেলগোরোদ অঞ্চলে মারা গেছেন।
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ টেলিগ্রামে লিখেছেন, এই হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। একটি আবাসিক ভবনে ড্রোন হামলায় এক নারী নিহত হন এবং উদ্ধার অভিযান চলাকালে আরেকজন ব্যক্তি ঘণ্টার পর ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন। ভোর ৩টা থেকে বিমান প্রতিরক্ষা বাহিনী রাজধানী অঞ্চলে একটি বড় আকারের ড্রোন হামলা প্রতিহত করে আসছে।
কিয়েভে রাশিয়ার এক বড় হামলায় ২৪ জন নিহত হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রতিশোধমূলক অভিযান জোরদার করার অঙ্গীকার করেন। তার কয়েক দিন পরেই এই সর্বশেষ হামলার ঘটনা ঘটল।
জেলেনস্কি সতর্ক করেছিলেন যে, ইউক্রেনের শহর ও বেসামরিক নাগরিকদের ওপর ক্রমাগত হামলার জন্য মস্কোকে ‘পরিণতি’ ভোগ করতে হবে। বন্দি বিনিময় সম্পন্ন ও চলতি সপ্তাহের শুরুতে অস্থায়ী যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর মস্কো এবং কিয়েভ একে অপরের ওপর তীব্র বিমান হামলা চালিয়েছে।
সূত্র: আলজাজিরা, রয়টার্স, গার্ডিয়ান