জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশের নাগরিক। বাংলাদেশে ধর্মীয় বিভাজনের কোনো সুযোগ নেই এবং এই দেশের প্রতিটি মানুষ সমান অধিকারসম্পন্ন নাগরিক। তিনি বলেন, রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ও সম্পদের ওপর সবার সমান অধিকার রয়েছে।
বৃহস্পতিবার রাতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের কেশবপুর এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, তিনি নির্বাচনের আগেই বলেছিলেন-হিন্দু-মুসলমানসহ সব ধর্মের মানুষ এ দেশে একসঙ্গে বসবাস করবে, যেমন একজন মানুষের দুই হাত। তিনি আরও জানান, টিআর, কাবিখা বা অন্যান্য সরকারি সহায়তা সব ধর্মীয় প্রতিষ্ঠান-মসজিদ, মন্দির ও গির্জার জন্য সমানভাবে বণ্টন করা হবে।
তিনি বলেন, বাংলাদেশে কোনো ধরনের ধর্মীয় বৈষম্য বরদাশত করা হবে না। সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রসঙ্গে কায়সার কামাল বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং আগামী তিন মাস তাদের সহায়তা দেওয়া হবে। সরকারি অনুদান বিতরণে স্বচ্ছতার ওপর জোর দিয়ে তিনি বলেন, অনুদান নিতে কাউকে কোনো ঘুষ দিতে হবে না। অতীতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও তিনি নির্বাচনের আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন-তিনি নিজে দুর্নীতি করবেন না এবং কাউকে করতে দেবেন না।
সুমেশ্বরী নদী শাসন ও হাওড় এলাকার দুর্ভোগ নিরসন প্রসঙ্গে তিনি জানান, পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় নদী ব্যবস্থাপনা নিয়ে জরিপ ও প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি পরিকল্পনার মাধ্যমে নদীভাঙন ও হাওড় এলাকার সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।