Image description

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। এতে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল (নীল প্যানেল) নিরঙ্কুশ জয়লাভ করেছে।

নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ ১৪টি পদের মধ্যে ১৩টি পদেই বিজয়ী হয়েছেন নীল প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে, জামায়াতে ইসলামী সমর্থিত ‘সবুজ প্যানেল’ সদস্যরা একটি পদে জয় পেয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে ভোটগণনা শেষে নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী মো. মিফতাহ উদ্দিন চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন। এর আগে বুধ (১৩ মে) ও বৃহস্পতিবার (১৪ মে) দুই দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের (নীল প্যানেল) সভাপতি প্রার্থী এএম মাহবুব উদ্দিন খোকন ২ হাজার ৯৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের আব্দুল বাতেন পেয়েছেন ৭৭৮ ভোট। সম্পাদক পদে নীল প্যানেলের মোহাম্মদ আলী ২ হাজার ৫৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে সবুজ প্যানেলের একেএম রেজাউল করিম খন্দকার পেয়েছেন ৭৮৬ ভোটও।

উল্লেখ্য, সমিতির ইতিহাসে এবারই প্রথম আওয়ামী লীগ সমর্থিত কোনো প্যানেল নির্বাচনে অংশ নিতে পারেনি। গত ২৬ এপ্রিল সমিতির সাধারণ সভায় (ইজিএম) দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ফলে এবারের মূল প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ ছিল নীল, সবুজ ও লাল-সবুজ প্যানেলের প্রার্থীদের মধ্যে।