রাজধানীর লালবাগে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী তৎপরতায় মোহাম্মদ রাফি (২৬) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) রাত সোয়া ৮টার দিকে লালবাগের শহীদ নগর এলাকার ৩ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহতদের ভাষ্য অনুযায়ী, ইমন, শাহাবুদ্দিন, মিন্টু ও রেজাউলসহ ৭-৮ জনের একটি দল হঠাৎ করে সজিব ও রাফির ওপর হামলা চালায়। প্রথমে সজিবকে ‘শাহিন কোথায়’—এমন প্রশ্ন করে অভিযুক্তরা। সজিব শাহিনকে চেনেন না জানালে তাকে মারধর করা হয়। পরে সজিব রাফিকে ঘটনাস্থলে ডেকে আনলে হামলাকারীরা রাফিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে রাফির ডান পাঁজরে গুলি বিদ্ধ হয়।
গুরুতর আহত অবস্থায় রাফিকে রাত ৯টার দিকে তার বন্ধু সজিব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ রাফি বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন।
আহত রাফির বাড়ি শহীদ নগর এলাকায়। তার বাবা তাইজউদ্দিন আহামেদ। পরিবার সূত্রে জানা যায়, রাফি অনলাইনে গেঞ্জির ব্যবসা করতেন। তবে কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়ে তারা নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
অন্যদিকে, সামান্য আহত সজিব জানান, হামলাকারীরা প্রথমে তাকে লক্ষ্য করে ‘শাহিন’ নামের একজনের খোঁজ করে। তিনি কিছু না জানালে তাকে মারধর করা হয়। পরে রাফি ঘটনাস্থলে এলে তাকে গুলি করা হয়।
স্থানীয়দের অভিযোগ, এ ঘটনার সঙ্গে জড়িতরা এলাকার চিহ্নিত কিশোর গ্যাং ও মাদক কারবারির সঙ্গে সম্পৃক্ত। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ঘটনার পর থেকে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।