Image description

‘আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা উঠানো হবে, জনগণের ৫১% সমর্থন দিলে, আদালতে সব মামলা বাতিল প্রত্যাহার নিয়ে আলোচনা—দাবি গণমাধ্যমে’ এ ধরনের ক্যাপশন দিয়ে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে। এতে স্পিকার এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দাবিতে একাধিক ফটোকার্ড ছড়ানো হয়েছে।

 

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুনএখানেএখানে এবং এখানে

 

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।

 

প্রচারিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে জানা গেছে, সংবাদমাধ্যম যমুনা টেলিভিশনের আদলে পরিচালিত জানুর্ন টিভি নামে একটি স্যাটায়ার পেজে সর্বপ্রথম পোস্ট করা হয়। এতে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সংসদে অধিবেশন পরিচালনার একটি ছবি ব্যবহার করে নিচে দাবিটি বসানো হয়েছে। এতে তার বক্তব্য দাবি করে বলা হচ্ছে, ‘আওয়ামী লীগে উপরে নিষেধাজ্ঞা উঠানো হবে বাংলাদের ৫১% মানুষের সমর্থন দিলে’। এতে নিচের অংশে কোনো ধরনের সময় বা তারিখ উল্লেখ না করে বিস্তারিত কমেন্টে হিসেবে জানানো হয়েছে।

 

উল্লিখিত পোস্টটি বিশ্বাস করে বিভিন্ন পেজ এবং গ্রুপে পুনরায় শেয়ার করতে দেখা গেছে। যেমন—ফেসবুকে সোহেল ট্রুথ ‍মিডিয়া নামে একটি পেজে ফটোকার্ডটি শেয়ার করলে মাত্র ৭ ঘণ্টায় এতে ৩ হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে। এ ছাড়াও পোস্টটিতে ২ হাজারেরও বেশি নেটিজেন মন্তব্য করেছেন, যাদের অনেকেই দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া দিয়েছেন।

 

যেমন—সাইদুর রহমান নামে একজন লিখেছেন, ‘সঠিক গবেষণা করলে দেখা যায় এখনও ৬৯ পার্সেন্ট লোক আওয়ামী লীগের সমর্থন করে, অতএব বাংলার জনগণ হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন ফিরে পাওয়ার একমাত্র পথ তারাই আন্দোলন করে নিবন্ধন ফিরে আনবেন ইনশাআল্লাহ।’

 

অন্যদিকে, দাবিটি অপরিবর্তিত রেখে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামেও একই ধরনের ফটোকার্ড পোস্ট করা হয়েছে পেজটি থেকে। এতে এক ঘণ্টারও কম সময়ে শতাধিক মন্তব্য আসতে দেখা গেছে। যেখানে দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। যেমন—প্রকাশ সাহা নামে একজন লিখেছেন, ‘জামাত বাদে সকলেই চাই কারণ এরা এলে জামাতে বিরোধী দলেও থাকতে পারবে না! এরা আসুক ৬০% লোক চাই!’

 

তবে প্রচারিত দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমগুলোতে এ ধরনের কোনো মন্তব্যের সত্যতা পাওয়া যায়নি। এ ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এ সম্পর্কিত বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি।

 

অর্থ্যাৎ, জনগণের ৫১ শতাংশ সমর্থন দিলে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা ওঠানো হবে সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমন ঘোষণা দিয়েছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া। এ ধরনের কোনো মন্তব্য তারা করেননি।