Image description

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ছবিতে দাবি করা হচ্ছে, এটি সেই সময়ের একটি সিসিটিভি ফুটেজ, যেখানে পুলিশ সদস্যদের মৃতদেহ গাড়িতে তুলতে দেখা যাচ্ছে। তবে নিবিড় অনুসন্ধানে দেখা গেছে, এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে।

যেভাবে ছড়িয়েছে এই দাবি

আগামীর সময়ের অনুসন্ধানে জানা যায়, গত ৮ মে ‘১২ মায়া বিনোদন’ নামক একটি ফেসবুক পেজ থেকে ছবিটি প্রথম প্রচার করা হয়। ওই ছবিতে দাবি করা হয় যে, ২০১৩ সালের ঘটনার সময় তৎকালীন সরকার ও গণমাধ্যম প্রকৃত সত্য ধামাচাপা দিয়েছিল এবং এই ফুটেজটি সেই সত্যের প্রমাণ। কিন্তু সংশ্লিষ্ট ফেসবুক পেজটির বিবরণ (About) বিশ্লেষণ করে দেখা গেছে, তারা নিয়মিত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি পোস্ট করে থাকে। পেজটি স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, তাদের প্রকাশিত কনটেন্টগুলো বাস্তব নয় এবং নিছক বিনোদনের উদ্দেশ্যে তৈরি।

কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই

জাতীয় বা আন্তর্জাতিক কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম বা মানবাধিকার সংস্থার প্রতিবেদনে এই ধরনের কোনো ফুটেজ বা ঘটনার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

 


এআই শনাক্তকরণ ও প্রযুক্তিগত বিশ্লেষণ

ছড়িয়ে পড়া ছবিটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে বেশ কিছু প্রযুক্তিগত অসঙ্গতি নজরে আসে, যা সাধারণত এআই-নির্মিত ছবির ক্ষেত্রে ঘটে থাকে। এর সত্যতা যাচাই করতে ছবিটিকে এআই শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘হাইভ ডিটেক্ট’ (Hive Moderation)-এ বিশ্লেষণ করা হয়। সেখানে দেখা গেছে, ছবিটির শতভাগ সম্ভাবনা রয়েছে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হওয়ার।

সামগ্রিক তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে এটি স্পষ্ট যে, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার তথাকথিত সিসিটিভি ফুটেজটি বাস্তব নয়। এটি এআই প্রযুক্তির অপব্যবহার করে তৈরি করা একটি বানোয়াট ছবি, যা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।