Image description

ফেনীর নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পাওয়া আলোচিত মোহাম্মদ মাহবুব আলম খানকে প্রত্যাহার করেছে পুলিশ সদর দপ্তর। সোমবার (১১ মে) পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত শনিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়।

আদেশে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ফেনীর এসপি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত) মোহাম্মদ মাহবুব আলম খান ১০ মে-এর মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন। 

এর আগে, ৫ মে দেশের ১২টি জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করা হয়েছিল। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর পুলিশ সুপার হিসেবে পদায়নের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে তার অতীত কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা ও সংবাদ প্রকাশিত হয়। 

৭ মে, দুটি হত্যা মামলার আসামি হওয়ার পরও মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর এসপি হিসেবে নিয়োগ দেওয়ায়, তার নিয়োগ চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। রিটে তার নিয়োগ বাতিল, সাময়িক বরখাস্ত এবং পুরো বিষয়টির নিরপেক্ষ তদন্তের নির্দেশনা চাওয়া হয়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু জনস্বার্থে এই রিটটি করেন। এই আইনি ও সামাজিক চাপের মুখেই তাঁকে প্রত্যাহার করা হলো বলে ধারণা করা হচ্ছে।