Image description

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে যাদের সহযোগিতা চাওয়া হতো, তদন্তে তাদের কয়েকজনের বিরুদ্ধেই অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বলেন, অপরাধ দমনে যেসব প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হতো, তদন্তে দেখা গেছে তাদের মধ্য থেকেই কেউ কেউ মাদক কারবার, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের মূল নিয়ন্ত্রক হিসেবে কাজ করছেন।

তিনি জানান, এলাকায় সামাজিক ও রাজনৈতিকভাবে পরিচিত কিছু ব্যক্তি শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছেন। ভবিষ্যৎ নির্বাচনে প্রভাব বিস্তার ও নিজেদের অবস্থান শক্ত করতে তারা এসব অপরাধীদের ব্যবহার করছেন বলেও অভিযোগ করেন তিনি।

এডিসি জুয়েল রানা আরও বলেন, সংশ্লিষ্টদের একটি তালিকা তৈরি করে সরকারের কাছে পাঠানো হয়েছে। ইতোমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে এবং বাকিদের বিরুদ্ধেও অভিযান চলমান রয়েছে।

পুলিশের দাবি, রাজধানীতে কিশোর গ্যাং, মাদক ব্যবসা ও ছিনতাই নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

শীর্ষনিউজ