Image description

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে রাশিয়ার ৮১তম বিজয় দিবস পালন করেছে দেশটির নাগরিকরা। শনিবার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আবাসন এলাকা গ্রিন সিটিতে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন রাশিয়ান নাগরিকরা।

এ আয়োজন মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় এবং শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে রাশিয়া ও সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোতে পালিত একটি গুরুত্বপূর্ণ স্মরণমূলক কর্মসূচি বলে জানান আয়োজকরা। শোভাযাত্রায় রূপপুর প্রকল্পে কর্মরত শত শত রাশিয়ান নাগরিক ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা তাদের পূর্বপুরুষ, মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগকারী শহীদদের ছবি প্রদর্শন করে তাদের প্রতি শ্রদ্ধা জানান।

 

আয়োজকরা বলেন, এই কর্মসূচির উদ্দেশ্য হলো শহীদ ও যুদ্ধাহতদের স্মরণ করা, ইতিহাস ও ত্যাগের প্রতি সম্মান জানানো এবং শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া। শোভাযাত্রাকে ঘিরে পুরো গ্রিন সিটি এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

দিবসটি পালন উপলক্ষে শনিবার সন্ধ্যায় গ্রিন সিটির অভ্যন্তরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।