Image description

রাজশাহীতে কীটনাশক পান করে হাসিনা খাতুন (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এ ঘটনার পর তার শরীর থেকে গহনা খুলে নিয়ে পালিয়ে যায় শ্বশুরবাড়ির লোকজন।

মঙ্গলবার মধ্যরাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

স্বজনরা জানিয়েছেন, হাসিনা দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

হাসপাতালে তার সঙ্গে স্বামী মো. রাতুন, বোন লাইলা খাতুন এবং রাতুলের দুজন বন্ধু ছিলেন। হাসিনা মারা গেলে তার শরীর থেকে গয়নাগাটি খুলে নেওয়া হয়।
এরপর হাসিনার স্বামীসহ সবাই হাসপাতাল থেকেই পালিয়ে যান।

হাসিনার স্বামী রাতুলের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি মোল্লাপাড়া গ্রামে।

রাতুলের বাবার নাম মো. ছবি। আর হাসিনা নওগাঁর সাপাহার উপজেলার আন্দারদিঘি গ্রামের হাসান আলীর মেয়ে। প্রায় ৭ মাস আগে রাতুলের সঙ্গে হাসিনার বিয়ে হয়।

হাসিনার খালাতো ভাই রবিউল ইসলাম জানান, রাতুল মাদকবিক্রেতা। নিজেও মাদক সেবন করেন। বিয়ের পর থেকে ফেনসিডিলের ব্যবসা করার জন্য বাবার বাড়ি থেকে এক লাখ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য হাসিনাকে চাপ দিচ্ছিলেন রাতুল।
কিন্তু হাসিনা বাবার বাড়ি থেকে টাকা এনে না দেওয়ায় প্রায়ই তাকে নির্যাতন করতেন রাতুল। নির্যাতন সইতে না পেরে দুই মাসের অন্তঃসত্ত্বা হাসিনা গত সোমবার মধ্যরাতে কীটনাশক পান করেন। এরপর তাকে প্রথমে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে হাসিনা মারা যান। মৃত্যুর পর তার শরীর থেকে স্বর্ণালংকার খুলে নিয়ে পালিয়ে যান স্বামীসহ অন্যরা।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এ ঘটনায় বুধবার হাসিনার বোন মেহেরুন্নেসা থানায় একটি অভিযোগ দিয়েছেন। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 

ওসি জানান, হাসিনার মৃত্যুর পর থেকে তার স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই পলাতক। হাসপাতালের হিমঘরে হাসিনার লাশ রাখা হয়েছে। বৃহস্পতিবার লাশের ময়নাতদন্তের পর বাবার বাড়ির লোকজনের কাছে লাশ হস্তান্তর করা হবে।