Image description

চলতি বছরের ২৭ জানুয়ারি একটি এজেন্সির মাধ্যমে শ্রমিক হিসেবে সৌদি আরব যান রুবেল মন্ডল। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এই যুবকের ২২ দিন ধরে খোঁজ পাচ্ছে না পরিবার। সন্তানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন রুবেলের মা-বাবা।

 

বুধবার (৬ মে) মাদারগঞ্জ উপজেলায় জোড়খালী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে রুবেলের বাড়িতে গিয়ে কথা হয় পরিবারের সদস্যদের সঙ্গে।

 

রুবেলের মা মনোয়ারা বেগম কান্নাকণ্ঠে বলেন, ‘আমার পুলাডা ২২ দিন ধইরা আমার সাথে কথা কয় না। ফোন দিই, ধরে না। কই গেল আমার পুলাডা, কেমনে আছে কিছুই জানি না। সারা রাত ঘুমাইতে পারি না। আমি শুধু আমার পুলাডারে ফেরত চাই।’

 

পরিবার জানায়, রুবেল মন্ডল সৌদি আরবের মক্কা শহরের একটি বেসরকারি ক্লিনিকে শ্রমিক হিসেবে কাজ করেন। নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল। প্রতি মাসে উপার্জনের টাকা পাঠাতেন বাড়িতে। গত ১৬ এপ্রিল বিকেল ৪টার দিকে সর্বশেষ মায়ের সঙ্গে ভিডিও কলেন রুবেল। এর পর থেকে তার ব্যবহৃত ইমো, ফেসবুক ও মেসেঞ্জারসহ সব যোগাযোগ মাধ্যম বন্ধ পাওয়া যাচ্ছে।

 

 

রুবেলের বড় ভাই মঞ্জুরুল ইসলাম বলেন, ‘আমরা চার ভাইয়ের মধ্যে রুবেল সবার ছোট। তাকে সবাই খুব আদর করতাম। তার হঠাৎ নিখোঁজ হওয়ায় আমরা দিশেহারা হয়ে পড়েছি। প্রবাসী মন্ত্রণালয় ও সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কাছে আমরা তার সন্ধান চাই।’

 

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, বিষয়টি জেনেছি। পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছে যেন তারা দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।