কক্সবাজারের উখিয়া ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের গুলিতে কেফায়েত উল্লাহ হালিম নামে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন। এ সময় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৭ ও ৮ নম্বর ক্যাম্পের মাঝামাঝি তরজার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছে।
ক্যাম্পে দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এ তথ্য জানিয়েছে। এক বার্তায় এপিবিএন জানায়, নিহত কেফায়েত উল্লাহ হালিম ৭ নম্বর ক্যাম্পের এফ/২ ব্লকের বাদশা মিয়ার ছেলে। তিনি রোহিঙ্গা সংগঠন এআরও গ্রুপের নেতা। গুলিবিদ্ধরা হলেন মোহাম্মদ উল্লাহ ও নুর মোহাম্মদ। তারা ৭ নম্বর ক্যাম্পের এ/৪ ব্লক ও জি ব্লকের বাসিন্দা।
১৪ এপিবিএন জানায়, কেফায়েত উল্লাহ হালিম, মোহাম্মদ উল্লাহ ও নুর মোহাম্মদ মোটরসাইকেলে নিজ নিজ শেডে ফিরছিলেন। পথে তরজার ব্রিজ এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা আরসা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে মাঠ পুলিশ ক্যাম্পের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় আহতদের উদ্ধার করে ফ্রেন্ডশিপ হাসপাতালে পাঠায়। পরে কর্তব্যরত চিকিৎসক আহতদের উন্নত চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠান। এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেফায়েত উল্লাহ হালিম মারা যান। আহত অপর দুজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এপিবিএন জানায়, অজ্ঞাতনামা আরসা সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট ক্যাম্প এলাকায় পুলিশি কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।