জুয়ার টাকার জোগাড় করতে এক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। তার পরিচয় ব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগে সাইবার প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ব্যক্তির নাম রিহাদ হাসান (২৩)।
সোমবার (৪ মে) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার নৃসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৫ মে) দুপুরে এ তথ্য জানিয়েছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।
সিআইডি জানায়, গ্রেফতারকালে তার মোবাইল ফোনে একাধিক অবৈধ অনলাইন জুয়ার অ্যাপস পাওয়া যায়। জুয়ার আসক্তি থেকে অর্থ জোগাড়ের উদ্দেশ্যেই সে সাইবার প্রতারণার পথে যায় বলে নিশ্চিত করেছে সিআইডি।
মামলার এজাহার অনুযায়ী, ভাইস চ্যান্সেলরের পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপে এক বিশ্ববিদ্যালয় কর্মকর্তাকে জরুরি ভিত্তিতে দুটি বিকাশ নম্বরে টাকা পাঠানোর অনুরোধ করা হয়। বার্তায় দ্রুত অর্থ পাঠাতে চাপ দেওয়া হয় এবং ফোনে যোগাযোগের চেষ্টা ব্যর্থ করা হয়।
পরে ওই কর্মকর্তা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫৫ হাজার টাকা পাঠান। পরবর্তীতে ভাইস চ্যান্সেলরের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে জানা যায়, তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং তিনি কোনো অর্থ চাননি।
এ ঘটনায় নিশ্চিত হয় ভুক্তভোগী একটি সুপরিকল্পিত প্রতারণার শিকার হয়েছেন।
সিআইডি জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত করে প্রতারক চক্রের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে রিহাদ হাসানকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণা ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সিআইডি। তার মোবাইল ফোনে প্রায় ৪০টির মতো জুয়ার অ্যাপস সক্রিয় অবস্থায় পাওয়া গেছে।
তদন্তে আরও জানা গেছে, চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।