নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ে ছাত্রজীবন শেষ হওয়া অছাত্রদের হল ত্যাগের সময়সীমা বেঁধে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সোমবার (৪ মে) এক অফিস আদেশে এ বিষয়টি জানিয়েছে দেশের একমাত্র শতভাগ আবাসিক এই বিশ্ববিদ্যালয়টি।
সেখানে জাবি কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য কর্তৃপক্ষের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, আগামী ১৭ জুন ২০২৬ তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত প্রথম পর্বের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আপনারা সকলেই অবগত আছেন যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়। ইতঃপূর্বে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন ৫৩-তম ও ৫৪-তম ব্যাচের প্রত্যেক শিক্ষার্থীর জন্য হলগুলোতে একটি করে আসন বরাদ্দ দিয়ে আবাসন নিশ্চিত করেছে ‘
সেখানে আরও জানানো হয়, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন লক্ষ্য করেছে যে, শিক্ষাজীবন সমাপ্তির পরেও বিভিন্ন ব্যাচের উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী আবাসিক হলগুলোতে তাদের আসন যথাসময়ে না ছেড়ে দিয়ে এখনো দখলে রেখে হলগুলোতে অবস্থান করছে, যা বিশ্ববিদ্যালয়ে সুস্থ ধারার সংস্কৃতি ফিরিয়ে আনতে বাধা তৈরি করছে।’
হলত্যাগের সময়সীমা বেধে দিয়ে সেখানে আরও বলা হয়, ‘এমতাবস্থায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশক্রমে শিক্ষাজীবন সমাপ্তির পরেও বিভিন্ন হলে যে সকল শিক্ষার্থী এখনো তাদের আসন ছেড়ে না দিয়ে দখলে রেখে হলে অবস্থান করছে, তাদের প্রত্যেককে আগামী ১৯ মে ২০২৬ তারিখের মধ্যে নিজ নিজ আসন ছেড়ে হলত্যাগ করে ৫৫-তম ব্যাচের প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি করে আসন বরাদ্দ নিশ্চিত করার বিষয়ে হল কর্তৃপক্ষকে সহযোগিতা করবার জন্য অনুরোধ করা হলো।’