রাজধানীর আগারগাঁও নির্বাচন অফিসের সামনে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে শিল্পী বেগম (৪০) নামে এক গৃহবধূ আহত হয়েছেন। এ সময় তার কাছ থেকে ২৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়।
শুক্রবার (১ মে) ভোর সাড়ে ৩টার দিকে আগারগাঁও নির্বাচন অফিসের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
আহত শিল্পী বেগমের স্বামী আব্দুল হক জানান, তাদের বাসা কাফরুলের ইব্রাহীমপুর এলাকায়। তার মা মরিয়ম বেগম স্ট্রোকজনিত কারণে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি নিজেও সেখানে মায়ের সঙ্গে অবস্থান করছিলেন। সঙ্গে টাকা না থাকায় তিনি তার স্ত্রীকে বাসা থেকে টাকা নিয়ে হাসপাতালে আসতে বলেন।
তিনি আরও জানান, তার স্ত্রী বাসা থেকে ২৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে রিকশাযোগে হাসপাতালে আসছিলেন। আগারগাঁও নির্বাচন অফিসের সামনে পৌঁছালে ৫-৬ জন ছিনতাইকারী তার সঙ্গে থাকা ব্যাগটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ব্যাগটি না ছাড়ায় ছিনতাইকারীরা তার পেট, হাত ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তারা টাকাভর্তি ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তিনি কোনোভাবে নিউরোসায়েন্স হাসপাতালে পৌঁছান। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে বাসায় নেয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ভোরে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত এক নারী হাসপাতালে আসেন। জরুরি বিভাগে চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে গেছেন। ছিনতাইকারীরা তার কাছ থেকে ২৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।