Image description

নীলফামারীর সৈয়দপুর শহরের ‘মসজিদে আলীর’ দানবাক্স খোলার দিন ছিল আজ। মসজিদ কমিটির উপস্থিতিতে বাক্স খুলতেই মিলল ছোট্ট থলে। ভেতরে একজোড়া স্বর্ণের দুল, ৭ হাজার টাকা ও একটি চিরকুট।

তাতে লেখা কেবল একটি লাইন- ‘আমার আম্মু অসুস্থ আছে, আপনারা দওয়া (দোয়া) করেন সুস্থ হয়ে যাই (যায়)। আমিন।’ মায়ের সুস্থতার জন্য সন্তানের এমন আকুতি স্থানীয়দের করেছে আবেগাপ্লুত। 

শহরের সাহেবপাড়া এলাকায় এই মসজিদ। দুই মাস পরপর খোলা হয় সেখানকার দানবাক্স, জানালেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাজাদা আলম। 

তিনি বললেন, ‘চিরকুটের লেখাটি পড়ে আমরা আবেগাপ্লুত হয়ে পড়ি। এটি শুধু একটি দান নয় বরং মায়ের প্রতি এক সন্তানের ভালোবাসা ও অসহায়ত্বের প্রকাশ। স্থানীয় এক স্বর্ণ ব্যবসায়ীর মাধ্যমে যাচাই করে জেনেছি যে স্বর্ণের দুলটির বর্তমান বাজার মূল্য প্রায় ১৪ হাজার টাকা।’

‘এই দান আমাদের সবার হৃদয় ছুঁয়ে গেছে। আমরা শুধু দানের মূল্য দেখি না, এর পেছনের নিয়তটাই বড়’- মনে করেন মসজিদের ইমাম হাফেজ আখতার। ‘যিনি দান করেছেন, আল্লাহ যেন তার মায়ের সুস্থতা দান করেন। আমরা সবাই তার জন্য আন্তরিকভাবে দোয়া করি।’

‎মসজিদের উন্নয়ন কাজে এই দান গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন মসজিদ কমিটির সদস্যরা।