রাজবাড়ীতে বজ্রপাতে সুমন আহম্মেদ (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় তার কোলে থাকা সাড়ে তিন বছরের মেয়ে সাফিয়া ছিটকে পড়ে সামান্য আহত হলেও প্রাণে বেঁচে গেছে।
আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মর্জৎকোল বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন আহম্মেদ ওই এলাকার সিদ্দিক মণ্ডলের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।
স্থানীয় বাসিন্দা একেএম রিপন জানান, সকালে সুমন তার মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি দোকানের দিকে যাচ্ছিলেন। পথে হঠাৎ বজ্রপাত হলে শিশুটি কোল থেকে ছিটকে পড়ে এবং সুমন মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শিশু সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে শঙ্কামুক্ত রয়েছে বলে জানা গেছে।
ঢাকাটাইমস