Image description

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকসহ দু’জনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। অপরজন হলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ.ক.ম জামাল উদ্দিন।

 

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি সাবেক বিচারপতি মানিক ও অধ্যাপক জামালকে আগামী ১৫ দিনের মধ্যে সুবিধাজনক সময়ে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি চান। শুনানি শেষে তার আবেদন মঞ্জুর করে অনুমতি দেন আদালত। বর্তমানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন মানিক ও জামাল।