দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বজ্রপাতে অন্তত ১৫ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
রোববার (২৬ এপ্রিল) জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ শোক জানান।
শোকবার্তায় তিনি বলেন, ২৬ এপ্রিল বিকেলে গাইবান্ধা জেলায় পাঁচজনসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে এবং আরও কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া এখন অত্যন্ত জরুরি উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, বজ্রপাতের মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার বিষয়ে সচেতন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এগিয়ে আসা উচিত।
বিবৃতিতে তিনি মহান আল্লাহর কাছে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারগুলোর প্রতি ধৈর্য ধারণের তৌফিক দানের জন্য দোয়া করেন। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।