Image description

জয়পুরহাটের আক্কেলপুরে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং থানার এক এসআইকে চার ঘন্টার মধ্যে বদলি করা ও চাকরি খাওয়ার হুমকির অভিযোগে এস আই আব্দুল্লাহ আল মাসুম বাদী হয়ে গত শনিবার রাতেই থানায় মামলা করেন। এই ঘটনায় আসামী বাবা ও ছেলেকে রবিবার (২৬ এপ্রিল) সকালে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন, আক্কেলপুর পৌর এলাকার হাস্তাবসন্তপুর মহল্লার সাকিবুর রহমান সুমন (৪০)  এবং তার ছেলে সায়মন সাফিত সূর্য (১৭)। এছাড়াও ওই মামলায় একই এলাকার সানি পরামানিক (৩৫) ও ইসাহকের(৩০) নাম উল্লেখ করে ৮ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামী করা হয়।


 

মামলা সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২৫ এপ্রিল) বিকেলে আক্কেলপুর পৌর এলাকার একটি টিসিবি পণ্য বিক্রয়কেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় কয়েকজন ব্যক্তি লাইনে না দাঁড়িয়ে জোর করে পণ্য নেওয়ার চেষ্টা করলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ‎পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে অভিযুক্তরা তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। 

এক পর্যায়ে তারা পুলিশ সদস্যদের ধাক্কাধাক্কি ও মারধর করেন।

পুলিশের পিকআপের গতিরোধ করে সেটি কিছু সময়ের জন্য আটকে রাখেন। খবর পেয়ে পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে বাবা ও ছেলেকে আটক করে। মামলার অন্য আসামিরা পালিয়ে যায়।

 


অভিযুক্ত সাকিবুর রহমান সুমন পুলিশের এসআই আব্দুল্লাহ আল মাসুমকে চার ঘণ্টার মধ্যে বান্দরবানে বদলি ও  চাকুরি খাওয়ার  হুমকি দেয়।

 

 

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, পুলিশকে মারধর, সরকারি কাজে বাধা ও হুমকির অভিযোগে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

জয়পুরহাট আদালতের পরিদর্শক আবু বকর সিদ্দিক জানান, আদালতে তাদের হাজির করা হলে আদালত ছেলেটিকে জামিন দেয় এবং বাবাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।