Image description

নোয়াখালীর বেগমগঞ্জে এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ব্ল্যাকমেইল ও দীর্ঘদিন যৌন নির্যাতনের অভিযোগে কুতুবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন (৪৯) গ্রেপ্তার হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে উপজেলার পশ্চিম মির্জানগর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ২০ এপ্রিল দুই শিক্ষকসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুণী (১৯)।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন উপজেলার পূর্ব মির্জানগর গ্রামের আবদুস সোবহানের ছেলে। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন শংকর চন্দ্র মজুমদার (৪৮), তিনি তিন তক্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এ ছাড়া আরো কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ২০২২ সালে এসএসসি পরীক্ষার প্রাইভেট পড়ার সময় প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয়। পরে বিভিন্ন কৌশলে তাকে ভয়ভীতি দেখিয়ে ব্ল্যাকমেইল করা হয়। বিয়ের প্রলোভন দিয়ে দীর্ঘ সময় ধরে বিভিন্ন স্থানে নিয়ে নির্যাতনের অভিযোগ করা হয়েছে। মামলার অপর আসামি শংকর চন্দ্র মজুমদার সহযোগিতা করেছেন বলেও এজাহারে উল্লেখ রয়েছে।

গত বছরের ডিসেম্বরে ভুক্তভোগীর অন্যত্র বিয়ে হলেও পরে তার ব্যক্তিগত ছবি ও ভিডিও স্বামীর কাছে পাঠানো হয় বলে অভিযোগ রয়েছে। এর জেরে চলতি বছরের ফেব্রুয়ারিতে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

পরবর্তীতে আবারও তাকে চাপ, হুমকি ও ব্ল্যাকমেইল করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। সর্বশেষ গত ১৩ এপ্রিল কলেজে পরীক্ষা দিতে যাওয়ার পথে তার পথরোধ করে কুপ্রস্তাব দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, আদালতের নির্দেশে মামলা নেওয়া হয়েছে।

 
গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।