Image description

যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় শুক্রবার সকালে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে একই সঙ্গে নিখোজ হওয়া নাহিদা বৃষ্টিকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

এ ঘটনায় লিমনের সঙ্গে একই বাসায় থাকা সহপাঠী আটক হিশাম আবুঘারবিয়েহকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে ফ্লোরিডা রাজ্যের প্রধান আইনপ্রয়োগকারী সংস্থা হিলসবরো কাউন্টি শেরিফ। তিনি জানিয়েছেন, বৃষ্টির খোঁজে অভিযান চলছে।

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ অ্যাম্বাসির প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা এক ফেসবুক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নাহিদা এস বৃষ্টির বিষয়ে এখনও কিছু জানা যায়নি।তদন্ত চলছে। সন্দেহভাজনকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকেও সংবাদ সম্মেলন করে সর্বশেষ এই তথ‍্য জানানো হয়েছে।

গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা বৃষ্টি। দেশে থাকা স্বজনদের দাবি, প্রেমের সম্পর্ক ছিল তাদের মধ্যে। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে এ বিষয়ে।

ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পড়ছিলেন লিমন। তার সবশেষ অবস্থান ছিল টাম্পা এলাকায় নিজ বাসায়। এরপর থেকে কারও সঙ্গে যোগাযোগ নেই তার। আর বৃষ্টিকে সবশেষ দেখা গিয়েছিল একইদিন (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের টাম্পা ক্যাম্পাসের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে। তিনি পড়ছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে।