সাবেক প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী জামিন চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছেন।
বুধবার (২২ এপ্রিল) ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে জামিনের আবেদন করেন আইনজীবী শেখ আলী আহমেদ খোকন।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ১১ সেপ্টেম্বর তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। ২৭ সেপ্টেম্বর তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার করা হয়।
এর আগে ২০২৫ সালের ৮ মে তার জামিনের আবেদন খারিজ করে ট্রাইব্যুনাল।
নতুন জামিনের আবেদনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৯(৫) ধারায় বলা হয়েছে, এক বছরের মধ্যে আনুষ্ঠানিক তদন্ত শেষ করতে হবে। এ সময়ের মধ্যে তদন্ত শেষ না হলে আদালত চাইলে আসামিকে জামিন দিতে পারবে।
ওই আইনের ৩৭ ধারায় বলা হয়েছে, অভিযুক্তকে আদালতে উপস্থিত করার পর তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ, দলিল, সাক্ষ্য, ঘটনা এবং প্রাইমাফেসি কেস উপস্থাপন করতে প্রসিকিউশন ব্যর্থ হলে আদালত তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিতে পারবে। তৌফিক-ই-ইলাহী চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা, তার বয়স ৮৪ বছর। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত। ১৯৭১ সালে মুজিবনগর সরকার গঠিত হওয়ার প্রাক্কালে মেহেরপুরে মহকুমা প্রশাসক হিসেবে মুজিবনগর সরকার গঠন ও মুক্তিযুদ্ধে অন্যতম সংগঠকের ভূমিকা পালন করেন।