Image description

জাতীয় স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির এই মূল দর্শনকে বিবেচনায় নিয়ে পররাষ্ট্র কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সাংসদ মো. আবুল কালামের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

প্রধানমন্ত্রী বলেন, উন্নত ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের নির্বাচনী ইশতেহারে গণতন্ত্র, সুশাসন, অর্থনৈতিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধ বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে। এতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, আইনের শাসন ও মানবাধিকার রক্ষা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

তিনি আরও জানান, দুর্নীতি প্রতিরোধ, বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংসদ নেতা বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষা খাতে উন্নয়ন জোরদার করে একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে পররাষ্ট্রনীতিতে ‘সবার আগে বাংলাদেশ’ দর্শন অনুসরণ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও জনগণের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে।

সরকারের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে আগামী ১৮০ দিন, ২০২৬-২৭ অর্থবছর এবং পরবর্তী পাঁচ বছরের জন্য পৃথক কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো।

প্রধানমন্ত্রী জানান, ইতোমধ্যে বেশ কিছু উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খনন ও পুনঃখনন, নিম্ন আয়ের পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’, ধর্মীয় প্রতিষ্ঠানের সেবাদানকারীদের সম্মানী ও ভাতা, ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া কার্ড ও ভাতা এবং ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি।

এছাড়াও কৃষিঋণ মওকুফ, সারাদেশে খেলার মাঠ উন্নয়ন, ‘ই-হেলথ কার্ড’ চালু, পাঁচ লাখ সরকারি চাকরি সৃষ্টি এবং প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নাধীন রয়েছে।

শীর্ষনিউজ