Image description

ছাত্রদলের বিরুদ্ধে হেনস্তা ও হুমকির অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। রাজনৈতিক বিবেচনায় সিট দেওয়ার প্রতিবাদ করায় তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

বুধবার (২২ এপ্রিল) দুপুর ৩টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রক্টরের কার্যালয়ে এ বিষয়ে অভিযোগ দেন এই ডাকসু নেতা। এরপর সংবাদ সম্মেলন করেন তিনি।

 

ডাকসু নেতা মুসাদ্দিক আলী সংবাদ সম্মেলনে বলেন, রাজনৈতিক বিবেচনায় সিট দেওয়ায় প্রতিবাদ করি আমি। এ কারণে ছাত্রদলের ২০০৬-০৭ সেশনের ইতিহাস বিভাগের এবং শহীদ ওসমান হাদি হলের নেতা আলা উদ্দিন আমাকে আক্রমণ করতে আসে। আজ সকাল ৮টা ৩০ মিনিটে কলাভবনের পেছনে তিনি আমাকে দাঁতাল বলে সম্বোধন করেন। এরপর আমাকে হত্যার হুমকি দেন। এরই পরিপ্রেক্ষিতে আমরা প্রক্টরের কাছে অভিযোগ জানিয়েছি।

 

হল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ এনে মুসাদ্দিক বলেন, আমরা যখন প্রশাসনকে প্রশ্ন করি, কোন নীতিমালার ভিত্তিতে তারা ছাত্রদলের নেতাদের সিট প্রদান করছেন? বিএনপি ঘেঁষা প্রভোস্ট আব্দুল্লাহ আল মামুন বলেছেন, তারা বিগত সরকারের আমলে নির্যাতনের শিকার হয়েছেন। তাই তাদের বিশেষ বিবেচনায় সিট প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নীতিমালায় স্পষ্ট বলা আছে, নিয়মিত শিক্ষার্থীদের শুধু হলে সিট প্রদান করা হবে।

 

 

তিনি আরও বলেন, সদ্য সাবেক উপাচার্য নিয়াজ স্যারের সময় এদের সিট প্রদান করা হবে কি না এ বিষয়ে একটি কমিটি গঠন করার কথা ছিল। কিন্তু সেই কমিটির কোনো মিটিং অনুষ্ঠিত হওয়ার আগের তাদের সিট দেওয়া হয়েছে।

 

 

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, আমাদের নিয়ম-নীতির ভেতরে থেকে বিচারকার্য পরিচালনা করতে হয়। আমরা দাঁড়িয়ে থেকে বিচার করে ফেলতে পারব না।

 

গেস্টরুমের অভিযোগের ঘটনায় এর মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ।

 

মুসাদ্দিকের অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, আমরা বিষয়টি বিবেচনায় নিয়েছি। সময় লাগবে।