গাজীপুরের কালিয়াকৈরে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার মৌচাকে হোপ লোন ইন্টিমেট লিমিটেডের ঝুট ব্যবসাকে কেন্দ্র এ ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হোপ লোন কারখানা থেকে ঝুট বের করা নিয়ে বিএনপির হারুন গ্রুপ ও ফরহাদ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এ সময় হারুন অর রশিদের গাড়ি ভাঙচুর করে ফরহাদ গ্রুপের লোকের। একপর্যায়ে হারুন গ্রুপের লোকজনকে ফরহাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে কয়েকজন আহত হন। আহতদের মধ্যে হারুনের অবস্থা গুরুতর, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, হারুন অর রশিদ কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক এবং ফরহাদ হোসেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি। সংঘর্ষে জড়ানো দুই গ্রুপের সদস্যরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তবে তারা কখনো বিএনপি নেতা কাজী সাইয়্যেদুল আলম বাবুল, আবার কখনো মজিবুর রহমানের লোক বলে পরিচয় দেন।
পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই সবাই চলে যায়। ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আক্তার বলেন, ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, ‘আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। ঘটনাটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে এটি নিন্দনীয় কাজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এটিকে কখনোই প্রশ্রয় দেবে না। এটির তদন্ত হওয়া উচিত, তদন্তের মাধ্যমে যারা দোষী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’