Image description

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম ও নির্যাতনের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সাক্ষী হিসেবে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীর অবশিষ্ট জেরা অনুষ্ঠিত হবে। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

গত ১৩ এপ্রিল দিনভর চলা জেরায় আইনজীবী আজিজুর রহমান দুলু আযমীর কাছে তার গুম হওয়া, দীর্ঘ কয়েক বছরের বন্দিজীবনে কক্ষের পরিবেশ এবং এই ঘটনায় সেনাবাহিনী থেকে কোনো আর্থিক সুবিধা বা ক্ষতিপূরণ পেয়েছেন কি না, তা নিয়ে বিস্তারিত প্রশ্ন করেন। বিবাদী পক্ষ থেকে ক্ষতিপূরণ পাওয়ার দাবি করা হলেও আযমী স্পষ্টভাবে তা অস্বীকার করেন। আজ ৩ আসামির পক্ষে আইনজীবী দুলু তার জেরা শেষ করলে অন্যান্য আসামিদের পক্ষে জেরা শুরু হতে পারে।

এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৩ জনকে আসামি করা হয়েছে। বর্তমানে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেনসহ তিন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ঢাকা সেনানিবাসের সাব-জেলে বন্দি রয়েছেন। অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং ডিজিএফআইয়ের সাবেক ৫ মহাপরিচালকসহ ১০ জন আসামি এখনো পলাতক রয়েছেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, আবদুল্লাহিল আমান আযমী এই মামলায় তিন নম্বর সাক্ষী হিসেবে গত ২ ফেব্রুয়ারি টানা দুই দিন জবানবন্দি দিয়েছিলেন। সেখানে তিনি তার দীর্ঘ ৮ বছরের গুম জীবনের অবর্ণনীয় কষ্টের কথা তুলে ধরেন। গত বছরের ১৮ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে এই ঐতিহাসিক বিচার প্রক্রিয়া শুরু হয়। আজ আদালতে প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিমসহ অন্যান্যরা উপস্থিত থাকবেন।