Image description

বর্তমানে তামিম ইকবালের নেতৃত্বাধীন ১১ সদস্যের অ্যাডহক কমিটি দিয়ে পরিচালিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্বাচনে অনিয়ম প্রমাণিত হওয়ায় গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। পাশাপাশি, নতুন কমিটিকে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়।

তবে নির্ধারিত সময়ের আগেই এই কাজ এগিয়ে নিচ্ছে এই কমিটি। এরই মধ্যে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালে প্রেসবক্সে গিয়ে সাংবাদিকদের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন তামিম। সেখানেই বিসিবির আসন্ন নির্বাচন নিয়ে খোলাসা করেন সাবেক এই অধিনায়ক। 

তামিম বলেন, ‘আমরা আগামী জুনের প্রথম সপ্তাহেই নির্বাচনটা করে ফেলতে চাই। সেটা না হলে দ্বিতীয় সপ্তাতেই এটা করবো নিশ্চিতভাবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের আগামী ২১ জুলাইয়ের মধ্যে নির্বাচন করার কথা। কিন্তু এর মানে এই নয় যে ২১ তারিখেই করতে হবে। এর আগেও করা যায়। সেক্ষেত্রে আমরা আগেই করে ফেলতে চাই। প্রথম ইচ্ছা জুনের প্রথম সপ্তাহে। যদি সেটা কোনোভাবে না হয়, তাহলে দ্বিতীয় সপ্তাহে এটা নিশ্চিতভাবেই করে ফেলবো।’