দুই দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় কুষ্টিয়ায় দ্বিতীয় দিনের মতো অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। এতে জেলার বিভিন্ন রুটে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।
শুক্রবার (১৭ এপ্রিল) ভোর থেকে ধর্মঘট শুরু হলে কুষ্টিয়া থেকে খুলনা, যশোর, মেহেরপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, বরিশাল, রাজবাড়ী ও ফরিদপুরসহ বিভিন্ন রুটে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তবে ঢাকাগামী বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, বাস মিনিবাস মালিক গ্রুপের সঙ্গে কুষ্টিয়া-খুলনা-যশোর রুটে তাদের একটি বাস অন্তর্ভুক্ত থাকলেও তারা মালিক হিসেবে প্রাপ্য সুবিধা পাচ্ছেন না। একই সঙ্গে ওই বাসটিকে খুলনা রুটে অনিয়মিতভাবে চলাচল করানো হচ্ছে, যা নিয়মিত করার দাবিও জানানো হয়েছে।
কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ডাবলু বলেন, অন্য একটি বাসে তারা মালিক হিসেবে আনুপাতিক সুবিধা পেলেও সংশ্লিষ্ট গ্রুপে তা দেওয়া হচ্ছে না। এ বৈষম্যের প্রতিবাদেই তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন। এর আগে ১৫ এপ্রিলের মধ্যে দাবি মানার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হলেও তা উপেক্ষিত হয়।
অন্যদিকে, বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কাজী রফিকুর রহমান জানান, শ্রমিকদের উত্থাপিত দাবিগুলো অযৌক্তিক হওয়ায় তা মেনে নেওয়া সম্ভব হয়নি। তার মতে, মালিক ও শ্রমিকের মধ্যে পার্থক্য বজায় রাখা জরুরি, নচেৎ সংগঠনগত ভারসাম্য নষ্ট হতে পারে।
এদিকে, পরিস্থিতি নিরসনে প্রশাসন উদ্যোগ নিয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত সমাধানের আশা করা হচ্ছে। শনিবার পুলিশ সুপার ও রোববার জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
হঠাৎ করে বাস বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেককে বাসস্ট্যান্ডে এসে ফিরে যেতে দেখা গেছে। কেউ কেউ ট্রেন, সিএনজি কিংবা অটোরিকশার মতো বিকল্প পরিবহন ব্যবহার করছেন।
শীর্ষনিউজ