রাজধানীর পোস্তগোলা এলাকায় ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না জড়িয়ে শ্বাসরোধ হয়ে পিংকি খাতুন (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে পোস্তগোলা ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, গুরুতর অবস্থায় পিংকিকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই মো. জাহিদ জানান, পিংকি স্বামী মো. রাজিব ও দুই সন্তানসহ নারায়ণগঞ্জের ফতুল্লায় বসবাস করতেন। দাওয়াতের উদ্দেশ্যে তিনি সন্তানদের নিয়ে গেন্ডারিয়ায় ভাইয়ের বাসায় এসেছিলেন। রাতের দিকে ফেরার সময় ব্যাটারিচালিত রিকশায় উঠলে পথে পোস্তগোলা ব্রিজের নিচে তার ওড়না রিকশার চাকায় পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে তিনি গুরুতর আহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনার সময় পিংকির সঙ্গে থাকা দুই সন্তান অক্ষত রয়েছে এবং ঘটনাস্থলে তার স্বামী উপস্থিত ছিলেন না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শীর্ষনিউজ