ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি ইটভাটার পুকুর থেকে নাসিমা খাতুন নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে কোটচাঁদপুর পৌর এলাকার ইকো ব্রিকসের পুকুর থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত নাসিমা খাতুন উপজেলার সলেমানপুর গ্রামের মৃত নাজমুল মীরের মেয়ে। বুধবার (১৫ এপ্রিল) সকালে নাসিমা বান্ধবীদের সঙ্গে বৈশাখী মেলার মাঠে ঘুরতে যাওয়ার কথা বলে বের হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের পাশে অবস্থিত পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সালাহউদ্দিন বুলবুল সিডলের মালিকানাধীন ইকো ব্রিকসের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নাসিমার মা নাজমা বেগম বলেন, গতকাল বুধবার সকালে বান্ধবীদের সঙ্গে বৈশাখী মেলার মাঠে ঘুরতে যাওয়ার কথা বলে বের হয় নাসিমা। তখন তাকে যেতে নিষেধ করা হলেও সে কথা না শুনে বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় তিনি মনে করেছিলেন মেয়ে হয়তো রাগ করে সাফদারপুরে নানাবাড়ি চলে গেছে। কিন্তু রাতে সেখানে ফোন করে জানতে পারেন, নাসিমা সেখানেও যায়নি। বৃহস্পতিবার দুপুরে ইটভাটায় মরদেহ ভাসার খবর শুনে তিনি এসে নিজের মেয়েকে শনাক্ত করেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ইটভাটার পুকুরে মরদেহ ভাসার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।