‘বৈশ্বিক সংকটকালীন মুহূর্তে আমরা আমাদের দায়িত্ব পালন করছি কিনা’—এই শিরোনামে পানি ও বিদ্যুৎ অপচয় রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহযোগী সংগঠন ছাত্রদল।
রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে শুরু করে সামাজিক বিজ্ঞান অনুষদ, কলা অনুষদ, শেডো, ভিসি চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করা হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলামের উদ্যোগে ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।
তৌহিদুল ইসলাম বলেন, আমাদের দৈনন্দিন অভ্যাসের ছোট ছোট অপচয়ই আজ পানি ও বিদ্যুতের সংকটকে আরও ঘনীভূত করছে। অথচ, সামান্য সচেতনতা আর অভ্যাসের ছোট পরিবর্তনই এনে দিতে পারে বড় সাশ্রয়।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যেখানে বহু শিক্ষার্থী একসঙ্গে বসবাস করে, সেখানে সামান্য অসচেতনতাও বড় ক্ষতির কারণ হতে পারে। একটি ট্যাপ বন্ধ রাখা, প্রয়োজন ছাড়া লাইট-ফ্যান বন্ধ রাখা—এসবই হতে পারে বড় পরিবর্তনের শুরু।
তিনি সবার প্রতি আহ্বান জানান, আমরা প্রত্যেকে নিজের জায়গা থেকে সচেতন হই। অপচয় নয়, সাশ্রয় হোক আমাদের অভ্যাস। আজকের ছোট উদ্যোগ আগামীর বড় সংকট থেকে আমাদের রক্ষা করতে পারে।
আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক রেজাউল করিম রাশেদ, সহ-সাধারণ সম্পাদক ইউছুফ ফরহাদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, সদস্য মোহাম্মদ রফিকউল্লাহ ও বিভিন্ন হল ছাত্রদলের নেতা।