ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নারী সেজে ভিডিও কন্টেন্ট তৈরি করা রেদোয়ান ইসলাম দেশ ছেড়ে কোথাও যাননি। তিনি নিজ এলাকায় অবস্থান করছেন।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে এশিয়া পোস্ট নিশ্চিত হয়েছে তার সর্বশেষ অবস্থানের তথ্য।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা এশিয়া পোস্টকে জানান, শুক্রবার দুপুরে থানায় ছিলেন রেদোয়ান ইসলাম। সেখানে উপস্থিত ছিলেন তার এলাকার স্থানীয় কয়েকজন।
স্থানীয়রা জানান, রেদোয়ান দেশ ছেড়ে কোথাও যাননি। বিভিন্ন মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। তিনি নিজ এলাকাতে অবস্থান করছেন।
সম্প্রতি সামাজিক যোগযোগ মাধ্যমে আলোচনায় আসেন এই বহিষ্কৃত ছাত্রদল নেতা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে (রাহিয়া রিহি) আইডি থেকে বিমানে বসে ছবি আপলোড করেন তিনি।
সেখানে তিনি লিখেছিলেন, ‘সুপ্ত আকাশে উড়ে যাক আমার এই বিষণ্ন বেলা... আমি বাচঁতে চাই..।’ তার এই পোস্ট দেওয়ার পর দেশ ছেড়েছেন বলে বিভিন্ন মাধ্যমে প্রচার হচ্ছে।
বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য শুক্রবার দুপুরে রেদোয়ানের ফোনে কল দিয়ে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তার সাড়া না পাওয়ায় স্থানীয় কয়েক জনের সঙ্গে যোগাযোগ করে এশিয়া পোস্ট। তারা জানান, রেদোয়ানকে শুক্রবার দুপুরে কসবা থানায় তলব করেন ওসি।
থানা সূত্রে জানা যায়, নারী সেজে ভিডিও কন্টেন্ট তৈরির ঘটনায় গত ৫ এপ্রিল তৌহিদি জনতার ব্যানারে রেদোয়ান ইসলাম ও রিংকু সরকার রবিন নামে দুজনের বিরুদ্ধে কসবা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, রেদোয়ান ইসলাম এবং রিংকু সরকার রবিনের নেতৃত্বে দীর্ঘদিন ধরে একটি চক্র নারী সেজে অশ্লীল ও আপত্তিকর কার্যকলাপ পরিচালনা করে আসছে; যা স্থানীয় সামাজিক পরিবেশ ও জনশৃঙ্খলা মারাত্মকভাবে বিঘ্নিত করছে। তারা প্রকাশ্যে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও আপত্তিকর কনটেন্ট প্রচার করছেন; যা কিশোর-তরুণসহ সাধারণ জনগণের নৈতিক মূল্যবোধের ওপর বিরূপ প্রভাব ফেলছে। এ কার্যক্রম জনসাধারণের শালীনতা ও সামাজিক স্থিতিশীলতার পরিপন্থি।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, সম্প্রতি ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে কসবা এলাকায় জনশৃঙ্খলা বিঘ্নিত হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে ও স্থানীয়দের অভিযোগে রেদোয়ান ও রিঙ্কুকে থানায় ডাকা হয়েছিল।
তিনি বলেন, রেদোয়ান জানিয়েছেন তিনি একজন ছেলে। আমাদের কাছে লিখিতভাবে অঙ্গীকার করেছেন–তিনি ভবিষ্যতে নারী সেজে ভিডিও তৈরি করবেন না। এ সময় তার এলাকার অনেকে উপস্থিত ছিলেন।