সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে। তার সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘কেবিনে স্যারের (মির্জা আব্বাস) চিকিৎসা চলছে। আগের চেয়ে তার অবস্থা উন্নতির দিকে।
আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম। এ সময় বিএনপির মহাসচিব মির্জা আব্বাসের স্বাস্থ্যের খোঁজ নেন এবং বেশ কিছু সময় তারা একসঙ্গে কাটান বলে জানান সোহেল।
সিঙ্গাপুরে বর্তমানে চিকিৎসার জন্য আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কয়েক দিন আগে নজরুল ইসলাম খানও মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে এসেছিলেন বলে জানান সোহেল।
গত ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
গত ১১ মার্চ রমজান মাসে ইফতারে সময়ে শাহজাহানপুরের বাসায় হঠাৎ জ্ঞান হারালে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
দেশের প্রখ্যাত নিউরো চিকিৎসকদের তত্ত্বাবধায়নে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। বোর্ডের সিদ্ধান্তে দ্রুত মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপাচার করা হয়। ৭২ ঘণ্টার মধ্যে তাকে সিঙ্গাপুরে নেওয়ার ব্যবস্থা করা হয়।