নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অফিস সময় এক ঘণ্টা কমিয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ সূচি রোববার (৫ এপ্রিল) থেকে কার্যকর হবে।
বর্তমানে সরকারি দপ্তরগুলো সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন অফিস সময় এক ঘণ্টা কমানো হবে। পাশাপাশি দেশের সব দোকান ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে, যা শুক্রবার (৩ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে। এ সিদ্ধান্তগুলো গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত জ্বালানি সংকট সামাল দিতে সরকারের বিদ্যুৎ বিভাগ সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
এ পরিকল্পনার আওতায় প্রতিদিন প্রায় ৩ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি ব্যয় সংকোচনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সরকারি কাজে ব্যবহৃত গাড়ির জ্বালানির মাসিক বরাদ্দ ৩০ শতাংশ কম নেবেন। সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য সুদমুক্ত ঋণ প্রদান আপাতত বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি সরকারি অর্থায়নে বৈদেশিক প্রশিক্ষণ স্থগিত এবং অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।