কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মহিষবের গ্রামে অবস্থিত বিশ্ব রাহে রাজ ভাণ্ডার দরবার শরিফের খাদেম শাহ আজম ওরফে প্রান্তর বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করেছেন।
অভিযুক্ত শাহ আজম ওরফে প্রান্ত (২৫) মৃত মতিন শাহের ছেলে এবং দরবার শরীফের খাদেম। তিনি ভুক্তভোগীর চাচাতো দেবর বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন। স্বামীর অনুপস্থিতিতে তিনি শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। গত বছরের ৩১ ডিসেম্বর ‘থার্টিফার্স্ট নাইট’ উপলক্ষে বারবিকিউ রান্নার কথা বলে অভিযুক্ত প্রান্ত ভুক্তভোগীকে নিজের ঘরে ডেকে নেয়। সেখানে রাত আনুমানিক ১০টার দিকে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ সময় ভুক্তভোগী চিৎকার করতে চাইলে তাকে ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এছাড়া ঘটনা প্রকাশ করলে সংসার ভেঙে যাবে- এমন ভয় দেখিয়ে তাকে চুপ থাকতে বাধ্য করা হয়। পরবর্তীতে ধর্ষণের সময় ধারণ করা ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে আরও একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ঘটনার বিষয়ে অভিযুক্তের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে মাজারে খোঁজ নিতে গেলে জানা যায়, তিনি সেখান থেকে পালিয়ে গেছেন।
এদিকে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন সাবেক ইউপি সদস্য সাদেক মিয়ার নেতৃত্বে কয়েকজন গণ্যমান্য ব্যক্তি; তবে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে বিষয়টি পরিবারকে জানালে তাদের পরামর্শে ভুক্তভোগী থানায় গিয়ে মামলা দায়ের করেন।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি তদন্তনাধীন রয়েছে। অভিযুক্তকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।