ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড় হরণ গ্রামে পুকুর খননের সময় একটি মর্টারশেল পাওয়া গেছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এছাড়া খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টারশেলটির চারপাশে দড়ি বেঁধে নিরাপত্তা জোরদার করে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ভাষাসৈনিক ও ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন আহমেদের গ্রামের বাড়িতে পুকুর খনন করা হচ্ছে।
পুলিশ আরও জানায়, কুমিল্লা থেকে সেনাবাহিনীর আর্টিলারি শেল ডিস্পোজাল ইউনিট এসে মর্টারশেলটি নিষ্ক্রিয় করবে।
এদিকে মর্টারসেল উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। তবে দুর্ঘটনা এড়াতে পুলিশ পুরো এলাকাটি ঘিরে রাখে এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানায়।