পাবনার চাটমোহরে অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে পেট্রল ও ডিজেল গোপনে নিয়ে আসার সময় তা জব্দ করেছে পুলিশ।
রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর বটতলা মোড় থেকে ১২টি ব্যারেলে থাকা ২ হাজার ৪০০ লিটার অকটেন, পেট্রল ও ডিজেল জব্দ করে থানা পুলিশ।
এ সময় কীটনাশক ও তেল ব্যবসায়ী মুকুল হোসেন এবং নসিমন চালক শামসুল আলমকে আটক করা হয়।
জানা গেছে, সারাদেশজুড়েই তেলের সংকট চলছে। তেল না পেয়ে বিভিন্ন যানবাহনের চালকরা বিপাকে পড়েছেন। এই সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী তেল মজুদ করে গোপনে সরকারি মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দামে বিক্রি করছেন। চাটমোহর উপজেলাজুড়েও তেলের জন্য হাহাকার চলছে। উপজেলার একটি মাত্র পাম্প থেকে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
প্রতিদিন শত শত বাইকসহ বিভিন্ন যানবাহনের চালক তেল পাম্পে ভিড় করছেন। তেল না পেয়ে অনেকেই ফিরে যাচ্ছেন। অথচ উপজেলাজুড়ে বিভিন্ন খোলা বাজারে প্রতি লিটার অকটেন ৩০০, পেট্রল ২৫০ এবং ডিজেল ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে, তবে তা গোপনে। তেল সংকটের কারণে কৃষি আবাদ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।
এই সংকটময় সময়ে অবৈধভাবে মজুদ ও বিক্রির উদ্দেশ্যে চাটমোহর পৌর শহরের জারদিস মোড় এলাকার মকবুল হোসেনের ছেলে লিটন হোসেন এবং নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর এলাকার আফজাল হোসেনের ছেলে মুকুল হোসেন বাঘাবাড়ী এলাকা থেকে তেল ক্রয় করে দুটি নসিমনে করে রোববার সন্ধ্যায় নিয়ে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে চাটমোহর থানার ওসি গোলাম সারওয়ার হোসেনসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য রামচন্দ্রপুর এলাকায় অবস্থান নেন এবং ১২টি ব্যারেলে থাকা ২ হাজার ৪০০ লিটার অকটেন, পেট্রল ও ডিজেল জব্দ করেন। এ সময় তারা তেল ক্রয়ের কোনো রশিদ দেখাতে না পারায় ব্যারেলগুলো জব্দ করা হয়।
পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে জব্দকৃত তেল মথুরাপুর এলাকায় নিয়ে সরকারি মূল্যে খোলা বাজারে বিক্রি করে দেন। সেই সঙ্গে আটক দুইজনের মধ্যে মুকুল হোসেনকে ৫ হাজার এবং লিটন হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে একশ্রেণির অসাধু ব্যক্তি কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে তেল মজুদ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।